
পায়খানা শেষে হাত না ধুয়ে খাবার তৈরী করাসহ বিভিন্ন অপরাধের কারনে চুয়াডাঙ্গার কালু হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে শহরের
রেলবাজার এলাকায় তদারকির সময় মেসার্স কালু হোটেলের মালিককে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সতর্ক করা সত্ত্বেও এদিন তদারকিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরীর প্রমাণ পাওয়া যায় কালু হোটেলে। হোটেলের স্যানিটারী লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে প্রস্তুত করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা, কর্মচারীরা পায়খানা শেষে হাত না ধুয়েই খাবার তৈরী করা, যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন প্রস্তুত করা খাবার খোলা অবস্থায় রাখার চাক্ষুষ প্রমান পাওয়ায়, অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরী, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় তাকে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরীর বিষয়ে নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য কেনাবেচ, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শণ করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।তদারকি কাজে সহযোগীতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, চুয়াডাঙ্গার ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগীতায় ছিলেন ওয়ারেন্ট অফিসার মাসুদসহ একদল সেনাবাহিনীর সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।