
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইল বাড়ী এলাকা থেকে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিডিটাইমস২৪কে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রোববার সকালে বোয়ালমারী উপজেলার গোহাইল বাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার থেকে বাসে করে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাবে দুই ব্যক্তি। এই তথ্যের ভিত্তিতে সেখানে গিয়ে মো. নাজমুল শেখ (২৪) ও মো. শওকত আলীকে (২৯) আটক করে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করা হয়। প্রাপ্ত ফেন্সিডিল তাদের বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। তারা জানান, রাজধানীর যাত্রাবাড়ীতে এই মাদক ডিলারদের সরবরাহ করতে নেওয়া হচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।