
বিএনপি সরকারকে ‘নতুন জালেম’ আখ্যা দিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জ্বালানি তেল, গ্যাস, সিলিন্ডারের দাম বৃদ্ধি, সার সংকট, সিন্ডিকেট আর দলীয়করণসহ তাদের অপকর্মের শেষ নেই। এভাবে বিএনপি যদি পাঁচ বছর দেশ শাসন করে, তবে এ দেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপা জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণ দুর্ভিক্ষে মরার জন্য লড়াই করেনি। ইসলামী ছাত্রশিবিরের ‘শহীদি তামান্না’র আদর্শ ধারণ করে তারা রাজপথে নেমেছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ভয়ভীতি বা চোখ রাঙানি দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের মাটি কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না এবং এ দেশে নতুন করে কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না।
উত্তরাঞ্চলের উন্নয়ন পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাশেদ প্রধান বলেন, রাজশাহী শহর ছাড়া পুরো রাজশাহী ও রংপুর বিভাগ স্বাধীনতার পর থেকেই উন্নয়নবঞ্চিত। তিনি স্মরণ করিয়ে দেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এই উত্তরাঞ্চল থেকেই জাতির বিবেককে নাড়া দিয়েছিলেন। প্রয়োজনে আবারও ‘জুলাই বিপ্লবের’ মতো রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই লড়াই কোনো ১১ দলীয় জোট কিংবা জামায়াতকে ক্ষমতায় বসানোর লড়াই নয়, এটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই।
নওগাঁ জেলা জাগপার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান, এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।