1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থিতা বৈধ ঘোষণা, ভোট ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র যাচাইয়ের সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

গত ১৩ আগস্ট নির্বাচন কমিশনে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান তাকে রাষ্ট্রপতি পদে প্রস্তাব করেন এবং গয়েশ্বর চন্দ্র রায় সমর্থন করেন।

এর আগে ১৩ আগস্ট দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে বিএনপি। পরে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার আগে বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। রোববার ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি বিরোধী জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে ইসি। ফলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার চিত্র স্পষ্ট হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর