
সাউথইস্ট ব্যাংক পিএলসি পরিবেশ সংরক্ষণ ও সবুজ ব্যাংকিং কার্যক্রমের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উদযাপন করেছে। রাজধানীর লেকশোর এলাকায় ব্যাংকের কর্পোরেট শাখায় আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যাংকের সবুজ ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম স্বাগত বক্তব্য দেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আবির রহমান সমাপনী বক্তব্য রাখেন। তারা পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি গ্রাহক ও কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে ব্যাংকের সব শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি তালের, নিম, জারুল ও বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় জনগণ, সরকারি কর্মকর্তারা এবং কমিউনিটি নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও দিনটি উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে “আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা সৃজনশীল কাজ উপস্থাপন করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি জানিয়েছে, তারা ভবিষ্যতেও পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন ও সবুজ অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।