
দুই দিনের সরকারি সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কাতারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি বৃদ্ধি, প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান, কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচনায় দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ও উঠে আসে। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে রোববার বিকেলে দুই দিনের বিশেষ রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান কাতারের শ্রমমন্ত্রী। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের পর সরকারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।