
সদ্য ঘোষিত বিতর্কিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি বাতিল এবং কমিটির সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী দোসর শফিকুল ইসলামকে অপসারণ দাবিতে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার প্রস্তাবিত কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রস্তাবিত জেলা নবীনদলের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পূর্বঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার, সদর উপজেলা সিনিয়র সম্পাদক আতিকুল ইসলাম খোকন, নাসিরনগর উপজেলা সিনিয়র সহ-সভাপতি গাজী মিয়া, কাজী সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৮ জুলাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন ধরনের পরামর্শ করা ছাড়াই কেন্দ্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শফিকুল ইসলামকে সভাপতি করা হয়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কেন্দ্রে প্রস্তাবিত একটি নতুন কমিটি পাঠানো হয়। সে সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও তার প্রতিফলন হয়নি। বরং পূর্বের কমিটি বাতিল না করে গত ১০ সেপ্টেম্বর আওয়ামী দোসর শফিকুল ইসলামকে আবারো সভাপতি করে একটি নতুন কমিটি ঘোষণা করে। যা তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিতর্কিত এই কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে একটি কমিটি গঠনের আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।