
ময়মনসিংহে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি।
আজ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ও গৌরীপুর থানায় পৃথক মামলায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন বারুয়ামারী সাকিনস্ত মৃতঃ সুরুজ আলীর ছেলে মোঃ কালাম মিয়া (৩৮)। তার বসত ঘরের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কালামের বিরুদ্ধে পূর্বের ০৮টি মামলা রয়েছে। অপর আসামী হলো গাাজীপুর জেলার শ্রীপুর থানার মৃত তমিজ উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৪৮)। তাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় নূর হোসেনের চায়ের দোকানের সামনে হইতে গ্রেফতার করা হয়। দুইটি অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান ও এসআই(নিঃ) রাজীব তালুকদার।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহিদুল ইসলাম বলেন, মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে ০৫ জুলাই ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করি। অপরাধ নির্মূল করতে এই অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা উদ্ধারের পর গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে গৌরীপুর ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।