চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট নামক স্থানে চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মরহুম মিন্টু মিয়ার ছেলে।
মৃত মিনালের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, ব্যক্তিগত জীবনে মিনাল অবিবাহিত থাকায় সে তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়ীতেই বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ী থেকে সে তেমন বের হতেন না। এদিন বিকেলে সে বাড়ী থেকে বের হয়ে ঘোড়ামারা ব্রিজের কাছে রেললাইনের ওপর বেড়াতে যায়। কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনের ধাক্কায় মারা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এসআই) জগদীশ বসু সন্ধ্যা ৭টায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তরুণটির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরীর কাজ চলছে। এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমূত্যু মামলা করা হবে।