চুয়াডাঙ্গায় ৬০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার দুপুরে জানান, তারই সার্বিক দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা ডিটেক্টিভ ব্রাঞ্চরের সদস্যরা (ডিবি) তোরগুল হাসান সোহাগ ও এএসআই মামুনুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটের সময় দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার হকের বাড়ী থেকে একই উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), একই উপজেলার দূর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) ও ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে ডালিমকে (৩৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
আটক ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।