
টাঙ্গাইলের মির্জাপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ১৩ টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি মির্জাপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ১৩ টি অবৈধ ইটভাটায় টাঙ্গাইল জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্টের অভিযান করা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত ভাবে জানান, ঘাটাইল উপজেলার পরিবেশগত ছাড়পত্রবিহীন ৬ টি অবৈধ ইটভাটায় টাঙ্গাইল জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২,০০,০০০/- (বাইশ লক্ষ ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কিলন ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্নভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘাটাইল ধলাপাড়া মেসার্স সোনার বাংলা ব্রিকসকে ২০০,০০০/-(দুই লক্ষ) টাকা, মেসার্স বংশাই ব্রিকসকে ২০০,০০০/-(দুই লক্ষ) টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকসকে ৭০০,০০০/- (সাত লক্ষ) টাকা, রসুলপুরের মেসার্স যমুনা ব্রিকসকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, মেসার্স তিতাস ব্রিকসকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, মমিনপুরের মেসার্স আকাশ ব্রিকসকে ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং সকল ইটভাটার কিলন ভেঙ্গে কাচা ইট ধ্বংস করে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ঘাটাইল উপজেলোর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে (ভূমি) সাবরিন আক্তার এর নেতৃত্বে এসময় অভিযান চলাকালে ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম ও পরিবেশ পরিবেশ অধিদপ্তরের এর উপপরিচালক মিয়া মাহমুদুল হক উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজীব কুমার ঘোষ। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।
অন্যদিকে, মির্জাপুর উপজেলার পরিবেশগত ছাড়পত্রবিহীন ০৭ টি অবৈধ ইটভাটায় টাঙ্গাইল জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮,২৫,০০০/- (আট লক্ষ পচিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় মির্জাপুর উপজেলার মেসার্স আটলান্টিক ব্রিকস ফিন্ড এটারপ্রাইজকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, মেসার্স নিউ দেওয়ান ব্রিকস এন্ড ম্যানুঃকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, মেসার্স লিসান ব্রিকস এন্ড ম্যানুঃকে ১০০,০০০/- (এক লক্ষ) টাকা, মেসার্স হমায়ুন ব্রিকস কর্পোারেশকে ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা, মেসার্স কে বি এম এটারপ্রাইজকে ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা, মেসার্স কে বি এম এটারপ্রাইজকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও মেসার্স আফতাব ব্রিকসকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
এই অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম. আরিফুল ইসলাম এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা এবং মোঃ রাফিউল ইসলাম। উক্ত অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সুত্রধর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।