1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

২১ নতুন উড়োজাহাজে বহর সম্প্রসারণ, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হচ্ছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে লিজ প্রক্রিয়ার মাধ্যমে বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন বহরে থাকবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যা ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, অভ্যন্তরীণ এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এখন দেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সে পরিণত হয়েছে। নিরাপত্তা ও মানসম্মত সেবার ধারাবাহিকতার কারণেই এ সাফল্য এসেছে।

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২৪ মিলিয়ন যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। এ চাহিদা পূরণে ইউএস-বাংলার নতুন উড়োজাহাজ সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে শুধু একটি এয়ারলাইন্সের বহর বাড়ছে না, বরং বাংলাদেশের অর্থনীতি, পর্যটন, বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ বলেন, জ্বালানি-সাশ্রয়ী আধুনিক উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত ইউএস-বাংলার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি এবং বাংলাদেশের এভিয়েশন খাতের প্রতি তাদের আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে।

তিনি জানান, ইউএস-বাংলাকে শুধু একটি এয়ারলাইন্স নয় বরং একটি পূর্ণাঙ্গ গ্লোবাল এভিয়েশন গ্রুপ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ পরিকল্পনার অংশ হিসেবে কার্গো, এমআরও (Maintenance, Repair and Overhaul), ফ্লাইট ক্যাটারিং, এভিয়েশন প্রশিক্ষণসহ সমন্বিত এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলা হবে।

নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, জহুর বাহরু, পেনাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও সালালাহসহ একাধিক নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও সিলেটকে আন্তর্জাতিক আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়। নতুন বোয়িং উড়োজাহাজ স্থায়ীভাবে মোতায়েন করে এসব অঞ্চল থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন গন্তব্যে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

ইউএস-বাংলা জানিয়েছে, নিজস্ব অর্থায়নে পাইলট ও এয়ারক্রাফট প্রকৌশলী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন ট্রেনিং সেন্টার এবং আধুনিক ফ্লাইট ক্যাটারিং সেন্টার স্থাপনের কাজও এগিয়ে চলছে।

প্রতিষ্ঠানটির মতে, বহর সম্প্রসারণ শুধু ইউএস-বাংলার প্রবৃদ্ধিই নয় বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন, পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ দূরপাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন প্রজন্মের ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর