
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই আগমনকে কেন্দ্র করে বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউসে কিছু সময় বিশ্রামের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। সফরসূচি শেষে রাত ৮টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও আকর্ষণীয় করতে নগরজুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। প্রধান প্রধান সড়কগুলোতে তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন। রবিবার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, নগরীর গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলোর নিয়মিত সংস্কারকাজের পাশাপাশি রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রস্তুতি আরও গতিশীল করা হয়েছে।
রাষ্ট্রপতির সার্বিক নিরাপত্তায় সিলেটজুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হচ্ছে। এর আগে শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।