
ভয়াবহ ভূমিকম্পে মায়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন তিন পার্বত্য জেলার ঐতিহ্যবাহী থেরোবাদী বৌদ্ধ ভিক্ষু সংগঠন ‘পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’।
ক্ষতিগ্রস্তদের জন্য পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ প্রদান করেছে ১৪ লক্ষ টাকার নগদ আর্থিক সহায়তা। পুরো টাকাই পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর অর্ন্তভূক্ত সদস্যগণ এবং উপাসক-উপাসিকাদের ব্যক্তিগত দান থেকে প্রাপ্ত।
গত ২১ এপ্রিল পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর একটি প্রতিনিধি দল নগদ অর্থ সহায়তার ১৪ লক্ষ টাকা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো’র হাতে। এসময় রাষ্ট্রদূতের হাতে একটি শোকপত্র প্রদান করা হয় যাতে ভিক্ষু সংঘের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপসংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সম্মানিত সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থেরো, সহ-সভাপতি ভদন্ত সম্ভোধি মহাথেরো, যুগ্ম সম্পাদক ভদন্ত প্রজ্ঞালোক মহাথেরো, শিক্ষা বিষয়ক সম্পাদক ভদন্ত সংঘরত্ন মহাথেরো, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত করুণা বংশ থেরো, দপ্তর সম্পাদক ভদন্ত বুদ্ধজ্যোতি থেরো এবং ভদন্ত দেবরত্ন থেরো প্রমুখ। দ্বিপাক্ষিক আলোচনাকালে উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো মায়ানমারের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশে ত্রিপিটক শাস্ত্র অধ্যায়নের বিদ্যায়তন, উপযুক্ত পুস্তক এবং বৌদ্ধধর্মাবলম্বীদের জন্য ধ্যানকেন্দ্রের খুবই অভাব।
তিনি মায়ানমারে মুদ্রিত ত্রিপিটক পাওয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের বদান্যতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো উল্লেখিত ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।