
ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানি মূলক মিথ্যা মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে ও ভালুকার রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ খান ও কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানের বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা।
২৯ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার সিডস্টোর বাজার আল-মদিনা শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবী সম্বলিত প্যানা-ফেস্টুন হাতে নিয়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও সমাবেশ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভ করে ভুক্তভোগী এলাকাবাসী।
ভালুকা মডেল থানা পুলিশ ও উপজেলা নিবার্হী অফিসারের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। মহাসড়ক থেকে বিক্ষুব্ধদের সরে যেতে সেনাবাহিনীও সহায়তা করে।
সমাবেশে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জনগণকে ঘর-বাড়ী নির্মানে হয়রানি ও মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা।
এব্যপারে ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশীদ খান বলেন, হয়রানি মূলক মিথ্যা মামলা, ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। তিনি বলেন, চলতি মৌসুমে হবিরবাড়ী ও পাড়াগাঁও মৌজায় ২০ ধারায় গেজেট ভৃক্ত বন ভুমিতে আমরা ১ লক্ষ ৮৭ হাজার চারা রোপন করি। এর মধ্যে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার চারা জবর দখলকারীরা উপড়িয়ে ফেলে। এব্যাপারে পুলিশ কেইস সহ বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। যে কারণে তারা বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে।
এব্যাপরে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ বলেন, বন ভ‚মি জবর দখলকারী কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বনবিভাগের বিরুদ্ধে মানববন্ধন করেছে। তিনি বলেন, বন বিভাগ কারো বিরুদ্ধে হয়রানী মূলক মিথ্যা মামলা করে না। বরং তারা (মানববন্ধন কারীরা) বন ভ‚মি জবর দখল করে আছে। বনের রোপিত চারা উপড়ে ফেলে সরকারী সম্পদের ক্ষতি সাধন করেছে। তিনি বলেন, সরকারী সম্পদের ক্ষতি সাধনকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান বলেন, বন বিভাগ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে থাকে তাহলে তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ নাই তাদেরকে জেন সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। ভবিষ্যতে যাতে কোন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা না হয় এব্যপারে আরো সতর্ক হওয়ার জন্য স্থানীয় বন কর্মকর্তাদের অনুরোধ জানানো হবে।