
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দলটির নেতৃত্বে পরবর্তীতে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। নানা রাজনৈতিক উত্থান-পতন ও চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি।
তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হলে সমাধি প্রাঙ্গণে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে দিনের শুরুতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
এ বছর বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি রয়েছে। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।