
নওগাঁর বদলগাছিতে নিজ বাড়ির উঠানে ঐতিহ্যবাহী গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক এনামুল হক (৪০) ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, এনামুল হক নিজ বাড়ির উঠানে আম গাছের আড়ালে এক বছর ধরে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে আসা যাওয়া করলেও গাছটি যে গাঁজার তারা তা জানতেন না।
বদলগাছি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করা হয়েছে এবং তার বাড়ির উঠান থেকে একটি বড় গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।