
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একাধিক হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।একাধিক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বায়াদা শহরের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি খিয়াম শহরে অভিযান চালানো তিনটি ইসরায়েলি সামরিক বুলডোজারকেও লক্ষ্য করে হামলা করা হয় বলে দাবি করেছে তারা।
এছাড়া রাশাফ শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের একটি দলের ওপর রকেট ও কামান হামলা চালানো হয়েছে বলেও জানায় হিজবুল্লাহ।
তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়ছে বলে জানা গেছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে নিয়মিত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।