
বৈরী আবহাওয়ার মধ্যে গত ১৩ জুলাই চট্টগ্রামের পাঁচ জেলা বাদে দেশের বাকি ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে ওইদিন পরীক্ষা নেওয়ায় তীব্র অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে পরদিন সারাদেশে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে কীভাবে এ পরীক্ষা নেওয়া হবে এবং কারা অংশ নিতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল।
অবশেষে তা স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তিনি বলেন, গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। শুধু ওইদিন অনুপস্থিত শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু খারাপ হওয়ায় আবারও দিতে চান, তারা সুযোগ পাবেন কি না- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘না, না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আর পরীক্ষা দিতে হবে না। প্রশ্নে ভুল ছিল, সেটাতে আমরা সবাইকে নম্বর দিয়ে দিচ্ছি তো। এরপর আর কোনো কথা নেই।