চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তের নতুনপাড়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ আলী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত আজাদ আলী নতুনপাড়া গ্রামের বদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আজাদ আলী। এদিন মাগরিবের নামাজের পর তিনি অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে মাদক আনতে গেলে ভারতের ধঞ্চা এলাকায় অবস্থানরত বিএসএফ সদস্যরা সীমান্ত টাওয়ার থেকে তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার পিঠ ও হাতে একাধিক গুলিবিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে আহত অবস্থায় কোনোভাবে নিজ বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২০ মার্চ) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, ঘটনাটির বিষয়ে তিনি অবগত আছেন। আজাদ আলী বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।