
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিত থাকার কারণে ইউনিয়ন পরিষদকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ কাইয়ুম মোল্লা, বারিষাব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ লুৎফর রহমান এবং সনমানিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ শফিকুল ইসলাম।
সহকারী পরিচালক হাসিবুর রহমান জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত প্যানেল চেয়ারম্যানদের তালিকার ভিত্তিতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।