সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করার প্রস্তাব শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদ ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশও অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাসেম। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ভাইস চেয়ারম্যান রেহানা রহমান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের ২০২৫ সালের কার্যক্রম, আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন।
সভায় জানানো হয়, ২০২৫ সালে সাউথইস্ট ব্যাংক ১১ হাজার ৯৭৮ দশমিক ৪৩ মিলিয়ন টাকা (সমন্বিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ৪৩৯ হাজার ২৩৪ দশমিক ৯০ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমাণ ৫৫৪ হাজার ৪২৪ দশমিক ৫৬ মিলিয়ন টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ৫১ টাকা।
ব্যাংক সূত্রে আরও জানানো হয়, ২০২৫ সালে ব্যাংকের ব্যয়-আয় অনুপাত ছিল ৩৯ দশমিক ৫৬ শতাংশ, যা পরিচালন দক্ষতার ইতিবাচক নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।
ইজিএমে অনুমোদিত মূলধন বৃদ্ধির পাশাপাশি কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাবও গৃহীত হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদের প্রতি আস্থা প্রকাশ করে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন। চেয়ারম্যান এম. এ. কাসেম শেয়ারহোল্ডারদের ধারাবাহিক সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা জানান এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও সেবার মানোন্নয়নে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।