১৬ আগস্ট ২০২৫ তারিখে বিভিন্ন গণমাধ্যমে “রুকন না হলে চাকরি থাকবে না বলেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কখনোই এমন বক্তব্য প্রদান করেননি যে, চাকরি টিকিয়ে রাখতে কোনো সংগঠনের রুকন হওয়া আবশ্যক। এ ধরনের বিভ্রান্তুমূলক তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিনএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সম্ভবত এই বিষয়ে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে ।সাম্প্রতিক সময়ে এ ধরণের কোনো বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক দেন নি ।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান একজন বিচার বিভাগীয় কর্মকর্তা। তিনি একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। সেই সাথে একজন বরেণ্য আলেম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বিরুদ্ধে এমন ভ্রান্ত বক্তব্য প্রচার নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য ; ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান, যা সরকারি বিধি-বিধানের আলোকে পরিচালিত হয়। এখানে চাকরি ও নিয়োগ-সংক্রান্ত বিষয়াবলি সরকারের নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়। ব্যক্তিগত কোনো মত বা সংগঠনভিত্তিক সদস্যপদ এসবের সঙ্গে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ পদোন্নতি সহ সমস্ত প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা বোর্ড অফ গভর্নরস -এর। সেই বোর্ড অফ গভর্নরস-এ পদাধিকার বলে মাননীয় ধর্ম উপদেষ্টা এর চেয়ারম্যান। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত ব্যক্তিত্ব শাহ নেছারুল হক, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী, সহ বরেন্য ওলামায়ে কেরাম এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন।
অতএব, ইসলামিক ফাউন্ডেশনের গঠনতন্ত্র ও প্রক্রিয়া অনুযায়ী মহাপরিচালকের এককভাবে কারও চাকরি বাতিল করার কোনো ক্ষমতা নেই।
এ ধরণের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের কারনে শুধুমাত্র ব্যক্তি/প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বরং পাঠকদের মধ্যেও ভ্রান্ত ধারণার জন্ম দিচ্ছে।ভবিষ্যতে কোনো সংবাদ প্রচারের আগে যথাযথভাবে তথ্য-উপাত্ত যাচাই করে সঠিক তথ্য পরিবেশনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল গণমাধ্যমকে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।