প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
ময়মনসিংহে ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া পাশের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামের হজরত আলীর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা মানিকের বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জিয়াউর নামে এক ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই ফরহাদ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.