প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের দেড়শত বছর পূর্তি উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ) এর আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগির আহমেদ (অবঃ)। সভাপতি তাঁর লিখিত বক্তব্যে বলেন, “অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। গত দেড়শত বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয় নীরবে জাতি গঠনের যে অবদান রেখে চলেছে, তা সত্যিই অনন্য। এই বিদ্যালয়ের গৌরব শুধু প্রাক্তন ও বর্তমান ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর। তিনি জানান, দেড়শত বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছিলো-মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জনসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি বা ‘পুঁথিশালা’ উদ্বোধন, রচনা প্রতিযোগিতা জাতীয় পর্যায়ের সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা “তিতাস বিতর্ক উৎসব ২০২৫”, বিভিন্ন খেলাধুলার আয়োজন।
সবশেষে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের বিশাল সমাবেশের মধ্য দিয়ে দেড়শত বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় অন্নদা প্রসাদ রায়ের পরিবার ও উত্তরসূরিদের সাথেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে, তারা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আবেশের সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর মাতিন আহমেদ প্রমূখ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.