প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম
রাজনীতিতে দুষ্টু লোকের আগমন ঘটলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ শামীম বলেছেন, দেশের স্বাধীনতা, গনতন্ত্র ও সার্বভৌমত্বকে একটা জায়গায় দাঁড় করাতে হলে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে।
রাজনীতি যদি অনুপ্রবেশকারিরা দখল করে নেয়, তাহলে দেশের জন্যে ক্ষতি হবে। রাজনীতিতে দুষ্টু লোকের আগমন ঘটলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে যায়। তখন রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে থাকে না
তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি থেকে প্রার্থী হতে চাই। সে লক্ষ্যে নির্বাচনী এলাকায় কাজ করছি। শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ শামীম বলেন, স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আমার হাতেখড়ি। ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছি।
ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের (মনির-মামুন) যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের (টুকু-আলিম) সহ-সভাপতি ছিলাম। স্বৈরাচার এরশাদ সরকার থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অসংখ্য মামলা ও কারাভোগের শিকার হয়েছি। বিগত হাসিনা সরকারের শাসনামলে কয়েক দফায় ১১ মাস কারাভোগ এবং ৩০ টির অধিক গায়েবী মামলার আসামি হয়েছি।
তিনি বলেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম। তখন সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া দলীয় মনোনয়ন পেয়েছিলেন। আমাকে দ্বিতীয় পর্যায়ে রাখা হয়েছিল। তিনি বলেন, আমি তৃনমূল পর্যায়ে কাজ করছি। জনগন আমাকে সাড়া দিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক বলছেন, তারাও একটি পর্যায়ে ইতিবাচক হয়ে যাবেন বলে আশা করছি। তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ করছি। আর মাঠ পর্যায়ে দলের পক্ষ থেকে প্রার্থীদের যাচাই করা হচ্ছে।
নির্বাচন যথা সময়ে হবে।
গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন আলম ও মোঃ উজ্জ্বল মুন্সী, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হিরণ মিয়া, ব্যবসায়ি মোঃ আলমগীর, শ্যামল সিকদার প্রমুখ।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.