অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২৪ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন টাঙ্গাইলে অবস্থিতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৭৫ জন গবেষক। পূর্বে এই সংখ্যা ছিল ১১৯ জন।
আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সংস্থা ‘অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’ এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৯টি দেশের ২৪ হাজার ৩৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৪ লাখ ১৪০ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।
জানা যায়, তালিকায় স্থান পাওয়া মাভাবিপ্রবির সেরা ৩ গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক মো. কাউছার আহমেদ। কম্পিউটার সায়েন্স বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ১৪তম আর বিশ্বে ৫৯,৭৮৪তম অবস্থানে আছেন তিনি।
২য় স্থানে রয়েছেন একই বিভাগের শিক্ষক আলী নেওয়াজ বাহার। পদার্থ বিজ্ঞান বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ১৫৩ তম, বিশ্বে ২,২৩,২২৮ তম অবস্থানে আছেন তিনি।
৩য় স্থানে রয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. তন্ময় রায় তুষার। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ৪৬৩ তম, বিশ্বে ৩৮৬,১২০ অবস্থানে আছেন তিনি।
উল্লেখ্য যে, এডি সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।