বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামানকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ২০১৮-২০৩০ এর অ্যাকশন প্ল্যান ১৯ ‘‘Ensuring intctual property rights for university faculty’’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘‘Intellectual Property Rights’’ নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা ব্যাচ-১ গত ১৯ জানুয়ারি ২০২৫ এবং ব্যাচ-২ আজ ২১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসের ই-লার্ণিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো সেভাবে মেধা সম্পদ অধিকারের দিকে গুরুত্ব দেওয়া হয় না। একটি পণ্যের ব্র্যান্ড মূলত নির্ভর করে এই মেধা সম্পদ অধিকারের ওপর। সঠিকভাবে মেধা সম্পদ অধিকার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বিপদ ডেকে আনবে। আর সবার আগে বাস্তবায়নের জন্য নিতে হবে যথাযথ উদ্যোগ। মেধা সম্পদের বিষয়ে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে, পাশাপাশি রয়েছে সক্ষমতার অভাব।
তিনি আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টাও একজন শিক্ষক তাই আমাদের সমস্যাগুলো তিনি বুঝবেন এবং আমি আশা করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়ানোর বিষয়ে আমাদের প্রতি সদয় হবেন। আজকের এই কর্মশালার ধারাবহিকতায় আমারা প্রত্যেকটা বিভাগে এধরনের ওয়ার্কশপ আয়োজন করবো। পরবর্তীতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েও এই বিষয়ে কর্মশালা আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। এ কর্মশালা শুধু শিক্ষকদেরকে না আমাদের শিক্ষার্থীদেরকেও সংযুক্ত করতে হবে এবং তাদের স্বপ্ন দেখাতে হবে, স্বপ্নের চেয়েও বড় আমার শিক্ষার্থী। যিনি ভবিষ্যতে আমার এই জায়গায় আসবেন, আমাদের মত শিক্ষক হবেন। এখানে না আসলে আমি খুব মিস করতাম যে, এত ভালো ভালো শিক্ষক, দেশ বরেণ্য গবেষক ও আন্তর্জাতিক মানের গবেষক আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ইউজিসির পরিচালক ড. দূর্গা রানী সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ধরণের কর্মশালা শিক্ষকগণের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন, ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, বাউবির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। ২ দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিটি এর উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, ইউজিসির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ এবং ডিপিডিটি এর সহকারী পরিচালক মো: বেলাল হোসেন। কর্মশালার প্রতি ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন করে শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।