নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউক-এর কর্মকর্তাদের একটি টিম হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
শনিবার ( ২৩ মে) রাজউক অডিটোরিয়ামে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রতিমন্ত্রী সভায় রাজউকের কর্মকর্তাদের বক্তব্য ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং দায়িত্ব পালনে জবাবদিহিতা বাড়াতে হবে।
জানা যায়, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করছে। ভবন নির্মাণ, ভূমির ব্যবহার ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন দেয় এই উইং।
এ ছাড়া মাস্টার প্ল্যান ও ড্যাপ (DAP) অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) অনুসরণ যাচাই, অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্বও পালন করে উন্নয়ন নিয়ন্ত্রণ উইং। নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেটও প্রদান করা হয়।