নওগাঁর মহাদেবপুরে সমৃদ্ধি কর্মসুচি’র উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার মহাদেবপুরে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় মৌসুমী’র বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও শেষে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো সমৃদ্ধি’র উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, সাইকেল রালী, উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় ১০টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানে মৌসুমী’র উপসহকারী পরিচালক লিয়াকত আলী, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী জাহাঙ্গীর, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচী সমন্বয়কারী জাহাঙ্গীর বলেন, এই ধরনের আয়োজন কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।