ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গত মঙ্গলবার নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী’র গ্রাহকদের সাথে একটি গণশুনানি’র আয়োজন করে। উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুহাম্মদ মাজেদুল হক, নির্বাহী পরিচালক এমআরএ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মোঃ নূরে আলম মেহেদী এবং মুহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক, এমআরএ। সভাপতিত্ব করেন মো. হোসেন শহীদ ইকবাল, নির্বাহী পরিচালক, মৌসুমী।
এমআরএ এর উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রোমান খান,সিনিয়র সহকারী পরিচালক,এমআরএ, মো. এরফান আলী, উপনির্বাহী পরিচালক, মৌসুমী এবং মৌসুমী’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে মৌসুমী হতে বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারী ৪০ জন গ্রাহক অংশগ্রহণ করেন।
উক্ত গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন। গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত (হটলাইন নম্বর ১৬১৩৩) প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গ্রাহকগণ বলেন, তারা তাদের প্রকৃত চাহিদা অনুযায়ী সংস্থা হতে ঋণ পান না। এ প্রসঙ্গে মৌসুমী’র কর্মকর্তাগণ বলেন বর্তমানে গ্রাহকদের অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণের সঠিক চিত্র অনুধাবন করা যায়না ফলে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করা সম্ভব হয়না। গ্রাহকগণ নারী উদ্যোক্তাদের জন্য ৬% হারে ঋণ প্রদান, বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদানকৃত ৯.৮% হারে যে ঋণ প্রদান করা হয়েছে তা অব্যাহত রাখার প্রস্তাব করেন।