প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
দোয়া চেয়ে ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন প্রত্যাশি সুজাউদ্দৌল্লার মোটর শোভাযাত্রা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীতায় এলাকাবাসির দোয়া ও সমর্থন চেয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ময়মনসিংহ-২ (ফুলপুল-তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশি সুজাউদ্দৌল্লাহ সুজা। এ সময় রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাবেক এই ছাত্রনেতা।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় ময়মনসিংহ জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়কে এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় শোভাযাত্রাটি তারাকান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে শুরু হয়ে ফুলপুর ও তারাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এতে সহস্রাধিক মোটর সাইকেল এবং ডজনখানেক প্রাইভেটকারে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহন করে।
মনোনয়ন প্রত্যাশি মো: সুজাউদ্দৌল্লাহ সুজা ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারন সম্পাদক।
শোভাযাত্রার বিষয়ে সুজাউদ্দৌল্লাহ সুজা বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষনা করেছেন। মূলত ৩১ দফার প্রচারণায় এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে এই মনোনয়ন প্রত্যাশি আরও বলেন, ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। এই আমেজকে আরও সমৃদ্ধ করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের জনগণকে নির্বাচনমুখী করতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি হিসাবে দলের জন্য কাজ করছি। পাশাপাশি দল যাকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে, আমি দলের একজন কর্মী হিসাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.