প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৩:১৪ অপরাহ্ণ
দামুড়হুদায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে কাঁচাবাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে খাদ্য বোঝাই চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাকিব হোসেন (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাকিব হোসেন দামুড়হুদা সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের ছেলে এবং দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুহুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নিহত যুবক রাকিব ঘটনার সময় আরো দু'জনসহ মোটরসাইকেলযোগে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য আসছিলো। সে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে কাঁচা বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে পৌঁছুলে চুয়াডাঙ্গা থেকে দর্শনামূখী একটি খাদ্য বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ২২-৫৮২৩) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এ সময় সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ার কারনে এখন পর্যন্ত কেউকে আটক করা সম্ভব হয়নি।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.