প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
দর্শনা সীমান্তে বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর ১২টা হতে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে দর্শনা সীমান্তের প্রধান খুঁটির ৭৬ এর নিকট শূন্য রেখায় বাংলাদেশের পাশে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, তিনিসহ ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট সুজিত কুমার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের শুরুতে উভয় ব্যাটালিয়ন কমান্ডার একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়। পরবর্তীতে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা চলাকালে সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অভিবাসন হিসেবে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক।
সীমান্ত দিয়ে অবৈধভাবে কোন নাগরিককে পুশইন করা একদিকে যেমন সীমান্ত আইন লঙ্ঘন অন্যদিকে আন্তজার্তিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সামিল। বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভবিষ্যতে যাতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পুশইনের মত কোন ঘটনা সংঘটিত না হয় সে লক্ষ্যে বিএসএফের কমান্ডারগণকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি কোন বাংলাদেশী নাগরিককে প্রত্যাবাসন করার প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় তালিকা বিজিবির কাছে হস্তান্তর করে ওই নাগরিকদের জাতীয়তা ও পরিচয়পত্র নিশ্চিত করে অতি দ্রুত সময়ে প্রত্যাবাসন করা হবে বলে বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট আশ্বস্ত করেন। ভারতে অবৈধভাবে অভিবাসনকরা বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডারের প্রস্তাবিত বিষয়টির সাথে বিএসএফ কমান্ড্যান্ট একমত পোষণ করেন এবং সীমান্ত দিয়ে পুশইন ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে কমান্ডারগণকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে বলে অধিনায়ককে আশ্বস্ত করেন।
পরবর্তীতে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত সুরক্ষার লক্ষ্যে অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারী কার্যক্রম অব্যহত রাখার বিষয়ে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ একমত পোষণ করেন। সীমান্তে দায়িত্ব পালনকালে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত সংশ্লিষ্ট যে কোন ঘটনা এক অপরের সাথে তথ্য আদান প্রদানের বিষয়ে সহমত পোষণ করেন। বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডার নিকটস্থ সীমান্ত পিলার ৭৬ পরিদর্শন করেন। পতাকা বৈঠকটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় বলে তিনি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.