প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
দর্শনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্যকে দর্শনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বিকাশ প্রতারক দু'জনকে গত মঙ্গলবার দিনগত রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার পর পাঠানো এক হটসএ্যাপ বার্তায় জানানো হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে দর্শনা থানাধীন পুরাতন বাজার 'দোয়েল মেডিকেল হল' হতে গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টায় দর্শনা দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার তাইজুল ইসলামের ছেলে তাকবির ইসলাম রিয়াদ (৩০) বিকাশ প্রতারণার টাকা উত্তোলন করার সময় নগদ ২৫ হাজার টাকাসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় ।
রিয়াদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে প্রতারণাচক্রের মূলহোতা অপর আসামী নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মরহুম জাবেদ সরদারের ছেলে স্বপন আলী হৃদয়কে (২৮) সদর উপজেলার আকন্দবাড়ীয়া রায়পাড়ার জনৈক জাহিদুল ইসলামের বসতবাড়ী হতে মঙ্গলবার (৮ এপ্রিল) দিনগত রাত দেড়টায় গ্রেপ্তার করা হয়। স্বপনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে সে, বিকাশ প্রতারণার কথাসহ জড়িত অন্যান্য সহযোগীদের কথা অকপটে স্বীকার করে।
তিনি আরো জানান, আসামী স্বপন আলী হৃদয় বিকাশ প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা হতে প্রতিনিয়ত সাধারণ জনগণের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে অপর আসামী তাকবির ইসলাম রিয়াদের মাধ্যমে দর্শনা এলাকার বিভিন্ন এজেন্টের মাধ্যমে টাকা তুলে নিতো। সহযোগী প্রতারক রিয়াদ টাকা তুলে তার লাভ্যংশ রেখে বাকী টাকা স্বপন আলী হৃদয়ের নিকট পাঠিয়ে দিত।
আসামী দু'জন পরস্পর যোগসাজশে বিগত দুই মাসে পঞ্চাশ লাখ টাকা প্রতারণার মাধ্যমে লেনদেন করেছে।
গ্রেপ্তার করা ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে এবং সহযোগী অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.