বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ দেশের আটটি বিভাগে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা বিশেষভাবে উদ্বেগজনক।
বুধবার (১৮ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ১৮ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অতি ভারী বৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইসঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (২১ জুন) এবং রোববার (২২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, বর্ধিত পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।