মৌলভীবাজারের জুড়ী মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল মুক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
এ সময় মৌলভীবাজার জেলা ও জুড়ী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুড়ী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো জুড়ী জুড়ে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের মধ্যে অভূতপূর্ব আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। জাঁকজমকপূর্ণ মেগা ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং নগদ প্রাইজমানির পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপস্থিত অতিথিরা অভিমত প্রকাশ করে বলেন, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন ও উদীয়মান খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে ফুটবল কল্যাণ সমিতির এ ধরনের চমৎকার আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী ভূমিকা রাখবে।