প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৩:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
জামিন ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামি ফের গ্রেপ্তার
হত্যা মামলার তিন আসামী জামিন ছাড়াই মুক্তির ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সমালোচনার মুখে সঠিক উত্তর এখনো দিতে পারে নি কারা কতৃপক্ষ।
জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া হত্যা মামলার সেই পলাতক আসামিকে ফের গ্রেপ্তার করেছে র্যাব-১৪। র্যাব জানায়, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন কিংবা পুলিশকে জানানো হয়নি।
বৃহস্পতিবার ঘটনার সত্যতা প্রকাশ্যে এলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।কারাগার থেকে মুক্তি পাওয়া তিন আসামি হলেন- ময়মনসিংহের তারাকান্দা থানার মধ্যতারাটি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে আনিস মিয়া (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও জাকিরুল ইসলাম (২৮)। তারা সবাই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, পরস্পর যোগসাজসের ভিত্তিতে তিন আসামি কারাগার থেকে পালিয়েছে-এমন ঘটনা নজরে আসে। পরে র্যাব-১৪-এর সিপিএসসি ও সিপিসি-৩, টাঙ্গাইলের দুটি চৌকশ দল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এর আগেও এই মাসেই হত্যাকাণ্ডের মামলায় এই তিন আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব।
কারা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এটি একটি ‘ভুল মুক্তি’ ছিল। ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.