প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিল
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াত কর্মী ও ঢাকা জুয়েলার্সের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে হত্যার প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ মিছিলের পর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জামায়াত।
সংঘর্ষে নিহত হাফিজুর রহমানের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রবিবার (১ মার্চ) বেলা ৩টায় সুটিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (১ মার্চ) বেলা ১১টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার পক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নিহত হাফিজুর রহমানের হত্যাকান্ডে জড়িত বিএনপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশকে হত্যাকারীদের নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে জীবননগরে 'আগুন জ্বলবে। বিক্ষোভ চলাকালে কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রায় ১০ মিনিট শহরের যান চলাচল বন্ধ থাকে।
জীবননগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.