প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশীকে ফিরিয়ে দিলো বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ বাংলাদেশীকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৪ জুন) ভোরে ঠাকুরপুর সীমান্তের ৮৭ নম্বর প্রধান খুঁটির কাছ দিয়ে তাদেরকে ফেরৎ পাঠানো হয়। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ঠাকুরপুর ফাঁড়ির কমান্ডার আনোয়ার হোসেন ৬ জনকে উদ্ধার করে দর্শনা থানায় সোপর্দ করে।
পরে তাদেরকে দর্শনার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়। উদ্ধারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার মরহুম কিতাব আলীর ছেলে শাহাজান (৪০) ও তার স্ত্রী কহিনুর (৩৫) মেয়ে সাবিহা খাতুন (১৮) শারমিন (১৫) মিশু সাথী খাতুন (৮) ও ছেলে নাজমুল (১)।
এ বিষয়ে ভারত থেকে ফিরিয়ে দেয়া শাহাজান বলেন, গত ১৯-২০ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে গিয়ে বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ করে ভারতীয় লোকজন তাদেরকে জোর করে তাড়িয়ে দেয়। এ সময় ভারতীয় লোকজন বলছে কোন বাংলাদেশী ভারতে থাকতে পারবে না।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ভারত থেকে ফিরিয়ে দেয়া একই পরিবারের ৬ জনকে বিজিবি হস্তান্তর করেছে। তাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে কুড়িগ্রাম থানায় একটি বেতার বার্তা পাঠানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এইচ তাসফিকুর রহমান জানান, দর্শনা থানার অফিসার ইনচার্জ তাকে জানালে তিনি ওই ৬ জনকে পূর্ব রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখার ব্যবস্থা করেন। তাদের খাবার ও গোসলের ব্যাবস্থা করা হয়েছে। তাদের আত্নীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.