প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ওয়েলডিং মিস্ত্রি নিহত
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক ওয়েলডিং মিস্ত্রি নিহত হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার মরহুম মোজাম্মেল হকের ছেলে।
বুজরুকগড়গড়ি মাদ্রাসা পাড়ার বাসিন্দা আব্দুল কাদের সোহান জানান, সকালে আব্দুর রশিদ নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলচেপে বাড়ি থেকে বের হয়। ফিরোজ রোডে পৌঁছুলে চলন্ত এক ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কের উপর ছিঁটকে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা.জোবায়দা জামান জয়া জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।
Copyright © 2026 বিডি টাইমস. All rights reserved.