বাংলাদেশ ব্যাংক ও সীমান্ত ব্যাংক পিএলসি’র মধ্যে সম্প্রতি সিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ (ষাট হাজার) কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ/বিনিয়োগ সরবরাহের মাধ্যমে তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মš’র অর্থনীতির চাকা গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ তহবিল গঠন করে। এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয় চলতি মূলধন এর অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন/সেবা/ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে না এরূপ প্রতিষ্ঠান বার্ষিক মাত্র ৯% সুদে অর্থায়ন সুবিধা পাবে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক জনাব মোঃ জবদুল ইসলাম এবং সীমান্ত ব্যাংকের পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মোঃ আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাবা শাহানাজ পারভীন।