খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। ক্যাম্পাসজুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যে সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এর কিছুক্ষণ পর অর্থাৎ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় ডাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রসঙ্গত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের শুরু হয় দুপুর সাড়ে ১২টার দিকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকেল ৫টা পর্যন্ত। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে সেখানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।