ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করে অবশেষে “দেনা শোধ” করেছেন মোঃ মানিক ভূঁইয়া -(৫৫) নামে এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকেট কালেক্টরের (টিসি"র) কাছে তিনি ১০ হাজার টাকা জমা দেন। ঘটনাটি রেলওয়ে অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
মোঃ মানিক ভূঁইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আবদুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী। প্রবাসে যাওয়ার আগে তিনি আখাউড়া বড় বাজারে এলুমোনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করেন।
মানিক ভূইয়ার সাথে টাকা দিতে যাওয়ায় দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মোঃ আল-আমীন জানান, ওই ব্যক্তি দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্নস্থানে নিয়মিত যাতায়ত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন, কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনাবোধ থেকে তিনি এখন এক সাথে ১০ হাজার টাকা জমা দেন। বিষয়টি জানা জানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।